‘অভ্যন্তরীণ হস্তক্ষেপ রোধের প্রস্তাব গ্রহণ করা সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব সুরক্ষা হবে’

আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৯:৫২
জাতীয় সংসদের স্পিকার, সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইপিইউ সম্মেলনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ ও স্বাধীন কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে প্রস্তাবনা গৃহীত হওয়ায় সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব সুরক্ষায় ভূমিকা রাখবে। 
 
বৃহস্পতিবার তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং এর সঙ্গে সাক্ষাৎকালে একথা বলেন। 
 
স্পিকার বলেন, আইপিইউ সম্মেলন সফলভাবে আয়োজন করতে পেরে বাংলাদেশ সত্যিই গর্বিত। ১৩৬তম আইপিইউ সম্মেলনের বড় প্রাপ্তি হচ্ছে এ ধরনের আন্তর্জাতিক মানের এসেম্বলি আয়োজন করার সামর্থ্য যে বাংলাদেশের রয়েছে বিশ্ব পরিমণ্ডলে তা অবগত করা। 
 
তিনি বলেন, ঢাকা ঘোষণায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বৈষম্য কমানো, মানবাধিকার সুরক্ষা, আইনি কাঠামো শক্তিশালীকরণ এবং বাজেট বরাদ্দ নিশ্চিত করার মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যা আইপিইউ এর কার্যক্রমকে সকল দেশের মানুষের কল্যাণে আরো গতিশীল করবে। 
 
স্পিকার বলেন, আগামী নভেম্বরে বাংলাদেশ কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। আইপিইউ সম্মেলন আয়োজনের এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ আরো সফলভাবে সিপিএ সম্মেলন আয়োজনে সক্ষম হবে। 
 
আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগং ১৩৬তম আইপিইউ এসেম্বলি’র সফল আয়োজনের জন্য স্পিকার ও ১৩৬তম আইপিইউ এসেম্বলির সভাপতি ড. শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে বিভিন্ন দেশের মধ্যে যোগাযোগ আরো বৃদ্ধি পাবে।