উল্লাপাড়ায় আকস্মিক সফরে মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২০:৫১
 
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট আকস্মিক সফরে বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তারাবাড়িয়া গ্রামে আসেন।
 
আমেরিকার কৃষি বিভাগের সহযোগিতায় প্রাণ ও ল্যান্ডলেক কোম্পানির যৌথ অংশীদারিত্বে পরিচালিত একটি গো-খামার ও দুধ সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম, ইউএসএইড বাংলাদেশ মিশনের পরিচালক ইয়ানিনা জেরুজেলসকি, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ সহ মার্কিন দূতাবাস এবং প্রাণ ও ল্যান্ডলেক কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকার জানান, বার্নিকাট তারাবাড়িয়ায় অবস্থিত দুধ সংগ্রহ কেন্দ্রে ফ্যাট নির্ণয়ের জন্য বসানো অত্যাধুনিক মেশিনের কার্যক্রম দেখেন। মার্শিয়া বার্নিকাট খামারিদের জীবনমান উন্নয়নের বিষয়ে জেনে সন্তোষ প্রকাশ করেন এবং খামারিদেরকে ধন্যবাদ জানান।