নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলার মূল পরিকল্পনাকারী গাইবান্ধা থেকে আটক জেএমবি সদস্য জাহাঙ্গীর হোসেনকে চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে জাহাঙ্গীরকে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামানের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর আব্দুল হাই। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
সম্প্রতি গাইবান্ধা থেকে আটক করা হয়েছিল জেএমবি সদস্য জাহাঙ্গীরকে। সেখানে জিজ্ঞাসাবাদে নাটোরের সুনীল হত্যার সঙ্গে জড়িত থাকার তথ্য পায় পুলিশ। গত বছরের ৫জুন বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় নিজ দোকানে কুপিয়ে হত্যা করা হয় সুনীল গোমেজকে।
