এ মাসেই আরো কমপক্ষে তিনটি বড় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক দৈনিক ইত্তেফাককে বলেন, ‘আজ (সোমবার) সন্ধ্যা থেকেই সারা দেশেই ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়ে যাবে এবং কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে। তবে, এ মাসে কমপক্ষে তিনটি প্রবল কালবৈশাখী ঝড় হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যেই একটি প্রবল কালবৈশাখীর আঘাত হানার আশঙ্কা রয়েছে।
এপ্রিল ও মে মাসে আবহাওয়া উত্তপ্ত ও বিরূপ থাকে এবং তাপমাত্রা অনেক বেড়ে যায়। আর সে কারণে এপ্রিল ও মে মাসে ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হয়। এসব ঝড় বৃষ্টির মধ্যে কমপক্ষে ৪০ কালবৈশাখী ঝড়ে রূপ নেয়।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টিপাত ছাড়াও এ সময় সমুদ্রে দু-একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এ মাসে দেশের উত্তর মধ্যাঞ্চলের ওপর দিয়ে দাবদাহ বয়ে যেতে পারে। কোথাও কোথাও এ দাবদাহের কারণে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে উঠে যেতে পারে।
আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বলেন, এপ্রিল মাসে প্রকৃতিগতভাবেই প্রকৃতি উত্তপ্ত থাকে। সে কারণে কালবৈশাখী ঝড় হয়। আবার বাংলাদেশের আবহাওয়া বিশ্লেষণ করেও দেখা গেছে এ সময় বেশ কয়েকটি প্রবল ঝড় হয়। তাই, সবকিছু বিবেচনা করে বলা যায়, কমপক্ষে তিনটি প্রবল ঝড়ের মুখোমুখি হতে হবে আমাদের।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
