পাবনায় বৃহস্পতিবার আলোচনা সভা, কেক কাটা ও চলচ্চিত্র প্রদর্শনীসহ নানা আয়োজনে পালন করা হয়েছে মহানায়িকা সুচিত্রা সেনের ৮৬তম জন্মদিন।
দিনটি পালনে সকাল ১১টায় পাবনার হেমসাগর লেনে অবস্থিত সুচিত্রা সেনের স্মৃতি বিজড়িত বাড়িতে তার জন্মদিন পালনের আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুহুল আমিন, সাংবাদিক আব্দুল মতীন খান, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক প্রলয় চাকী প্রমুখ। পরে আনন্দঘন পরিবেশে কেক কেটে মহানায়িকার জন্মদিন পালন করা হয়। কেক কাটার পর সুচিত্রার বাড়িতে স্বল্প পরিসরে স্মৃতি সংগ্রহশালার উদ্বোধন করেন অতিথিরা। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সংগ্রহশালা ঘুরে দেখেন। প্রাথমিকভাবে এ সংগ্রহশালায় সুচিত্রা সেনের বিভিন্ন চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, দুপুর ১২টায় পাবনার অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরির সম্মেলন কক্ষে সুচিত্রা সেনের ৮৬তম জন্মদিন পালনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করে 'সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ'।
অপরদিকে, মহানায়িকার জন্মদিন পালনে বেলা সাড়ে ১১টায় সুচিত্রা সেন চলচ্চিত্র সংসদের উদ্যোগে পাবনা প্রেসক্লাবে আলোচনা সভা, কেক কাটা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।
