“এবার আওয়াজ তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় বৃহস্পতিবার দুর্নীতি বিষয়ক গণশুনানি হয়েছে। গণশুনানীতে উপজেলার ১০টি সরকারি দপ্তরের নানা অনিয়ম-দুর্নীতি, হয়রানি ও সেবা না পাওয়াসহ নানা অভিযোগ তুলে ধরেন স্থানীয় জনসাধারণ।
বিশ্ব ব্যাংকের সহযোগীতায় দুর্নীতি দমন কমিশন (দুদক) উপজেলা পরিষদ চত্বরে এ গণশুনানির আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার নাসির উদ্দীন আহমেদ। তিনি গণশুনানিতে উপজেলা ভূমি অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সেটেলমেন্ট অফিস, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, সাব-রেজিষ্ট্রি অফিস, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি, সমাজসেবা, সমবায় অফিস, উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসে সেবা নিতে গিয়ে হয়রানির শিকার সেবা গ্রহীতাদের অভিযোগ শোনেন এবং তাৎক্ষণিক প্রতিকার ও ব্যবস্থা গ্রহণ করেন।
এ সময় মুক্তমঞ্চে সরকারি অফিসের দুর্নীতি, অনিয়ম ও নিম্নমানের সেবা নিয়ে নানা অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন সেবাগ্রহীতারা। অনুষ্ঠানে অভিযুক্ত অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের বিরুদ্ধে সর্বোচ্চ ১৭টি, উপজেলা ভূমি অফিস ১৬টি, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির বিরুদ্ধে ১৪টি, সমাজসেবা ২টি, সাব-রেজিষ্ট্রি অফিসের বিরুদ্ধে ২টি অভিযোগসহ মোট ৫১টি অভিযোগ দাখিল হয়। সকল অভিযোগ দুদকে নথিবদ্ধ ও অগ্রাধিকার ভিত্তিতে প্রায় ৩০টি অভিযোগ সরাসরি অভিযুক্ত সরকারি কর্মকর্তা ও সেবাগ্রহীতাদের উপস্থিতিতে শুনানি করা হয়।
এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। অনেকের অভিযোগ তাৎক্ষণিক সমাধান দেন। কিছু অভিযোগকারীর সমস্যা আমলে নিয়ে বিভিন্ন কর্ম দিবসের মধ্যে সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা।
অনুষ্ঠানের প্রধান অতিথি দুদক কমিশনার নাসির উদ্দীন আহমেদ বলেন, সংবিধানে আছে জনগণ এদেশের মালিক। আমাদের দেশের অবস্থাদৃষ্টে মনে হয় সরকারি কর্মকর্তারাই দেশের মালিক। জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়। জনগণ সচেতন হলে কোনো কাজে বাধা থাকবে না। দেশে দুর্নীতি থাকবে না। গণশুনানির মাধ্যমে দুর্নীতি দূর হবে। দুর্নীতি প্রতিরোধে দীর্ঘপথে সবেমাত্র আমরা যাত্রা শুরু করেছি।
তিনি আরো বলেন, সরকারি কর্মকর্তারা জনগণের সেবক। তাঁদের কাছ থেকে সাধারণ মানুষ সেবা পাচ্ছে কি না, সেটা জানতে দুদকের এই আয়োজন। দুদক সব সময় সুবিধা বঞ্চিত মানুষের পাশে থাকবে। তিনি আরো বলেন, ‘আপনারাই দেশের মালিক। তাই আপনাদের অধিকার-সচেতন হতে হবে। বিভিন্ন সরকারি অফিস কী ধরনের সেবা দিচ্ছে, তা জানতে হবে। আর এই জানাটা আপনার অধিকার।
সিঙ্গাইর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব দলিল উদ্দিনের সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যদেন দুর্নীতি দমন কমিশনের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার, অস্ট্রেলিয়ার মনাস বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আসাদ ইসলাম, সিঙ্গাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান খাঁন রোমান, পৌর মেয়র অ্যাডভোকেট খোরশেদ আলম ভূইঁয়া জয় ও উপজেলা নির্বাহী অফিসার মো: যোবায়ের হোসেন প্রমূখ।
এ সময় উপজেলার বিভিন্ন অফিসের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি,স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৯টায় দুদক কমিশনার নাসির উদ্দিন আহমেদ ৫০ শয্যা সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শনকালে হাসপাতালে নানা অনিয়ম ও অব্যবস্থা দেখে অসন্তোষ ও হাসপাতালের সামনে প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনষ্টিক সেন্টার গড়ে উঠায় ক্ষোভ প্রকাশ করেন।
ইত্তেফাক/নূহু
