বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকার আত্মহত্যা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৩:৪৫
 
বিয়ে করতে অস্বীকার করায় প্রেমিকের সঙ্গে অভিমান করে প্রেমিকা ট্রেনের নিচে পড়ে আত্মহত্যা করেছেন।
 
চোখের সামনে এমন আত্মহত্যার ঘটনা দেখে স্থানীয় লোকজন প্রেমিক মাসুদকে (৩০) আটক করে পুলিশে দিয়েছে। শুক্রবার সকালে ঢাকা-রাজশাহী ট্রেন লাইনের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানি এলাকায় এ ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, প্রেমিকার নাম হনুফা আক্তার (২২)।তার  পিতার নাম মো. মোসলেম হক, বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার মধ্যপাড়া গ্রামে। হনুফার সহকর্মী রহিমা আক্তার ও লোকমান হোসেন বলেন, 'হনুফা গোড়াই শিল্পাঞ্চলের খান গার্মেন্টসের কোয়ালিটি সেকশনে কাজ করতেন।গার্মেন্টসে কাজ করার সময় গোড়াই নাজিরপাড়া গ্রামের মাসুদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘ দিন প্রেম নিবেদনের পর হনুফা মাসুদকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করে। কিন্ত মাসুদ বিয়ে করতে নানা তালবাহানা করে।'
 
শুক্রবার সকালে হনুফা ও মাসুদ গোড়াই এলাকা থেকে ট্রেন লাইন দিয়ে হেটে বাওয়ার কুমারজানি এলাকায় আসে। হনুফা দীর্ঘক্ষণ প্রেমিক মাসুদকে বুঝিয়েও বিয়ের জন্য রাজি করাতে পারেনি। এ সময় প্রেমিকের সঙ্গে অভিমান করে কলকাতাগামী মৈত্রী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে সে আত্মহত্যা করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।
 
এ ব্যাপারে মির্জাপুর থানার এএসআই মোরাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, প্রেমিক মাসুদকে স্থানীয় লোকজন আটক করে থানায় পুলিশের কাছে সোপর্দ করেছে। লাশ ময়না তদন্তের জন্য রেলওয়ে থানা পুলিশ নিয়ে গেছে। মামলা হবে রেলওয়ে থানায়।