নারায়ণগঞ্জের আদমজীতে নাশকতা পরিকল্পনা করার সময় জঙ্গি সংগঠন জেএমবির তামিম-সারোয়ার গ্রুপসহ আট সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, বোমা তৈরির জন্য তারকাটা, গান পাউডার, ডেটোনেটরসহ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল কামরুল হাসান এ তথ্য জানান।
র্যাব জানায়, ৬ এপ্রিল রাত ৭টা হতে শুক্রবার ৭ এপ্রিল ভোর সাড়ে ৩টা পর্যন্ত নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে থানার সাইনবোর্ড এলাকার নবনির্মিত পরিজাত মার্কেটের ভেতরে জেএমবির সারোয়ার তামিম গ্রুপের গোপন বৈঠক চলছিল। ওই সময়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।
IMG0
গ্রেফতারকৃতরা হলেন- ঢাকার ডেমরা এলাকার মো. জামাল ওরফে রাসেল সিরাজী (৪৫), ঢাকার কদমতলী এলাকার খন্দকার আবু নাঈম ওরফে নাঈম জিহাদি (৪৯), ডেমরা এলাকার নুরুল আবছার (২৭), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার মহসিন (৫২) ও রূপগঞ্জ এলাকার জাবির হাওলাদার (২২)।
পরে তাদের দেওয়া তথ্য মতে কুমিল্লার গৌরিপুর এলাকা থেকে আক্তারুজ্জামান মারুফ (৩২), মাওলানা ওমর ফারুক (৩২) ও কাশেম মুন্সীকে (৩১) গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন- তারা জেএমবির সক্রিয় সদস্য। গত দেড় বছর ধরে তারা এক সঙ্গে রয়েছেন। তাদের প্রধান সমন্বয়ক হলেন গ্রেফতারকৃত রাসেল। দেশের বিভিন্ন স্থানে নাশকতার জন্য তারা বেশ কিছু বিস্ফোরক মজুদ রেখেছিলেন। তারা বিভিন্ন এলাকাতে বাসা ভাড়া নেওয়ার জন্য ভুয়া জাতীয় আইডি কার্ড তৈরি করতেন ও ফেসবুকে ভাইরাল আকারে উগ্র মতাদর্শ প্রচার করতেন। সম্প্রতি তারা নতুন দিগন্ত নামের একটি অনলাইন ই কমার্স ব্যবসা চালু করেন। আর ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে বিভিন্নজনকে ফেসবুক থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে বন্ধুত্ব তৈরি করে পরে উগ্রবাদী পোস্ট পাঠাতেন।
ইত্তেফাক/কাউছার
