ঝিনাইদহে দুই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১০:৪১
 
ঝিনাইদহে দুই যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মৃতদেহ দুটি উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় জানা যায়নি।
 
আজ শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রাস্তার দু’ধারের ধান ক্ষেতের পাশে মৃতদেহ দুটি পড়ে ছিল। তাদের দু’জনের বয়স ২০-২৫ বছরের মধ্যে হবে। দু’জনকেই  মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। তাদের পরনে প্যান্ট ও গেঞ্জি আছে।
 
লাশের পাশে ৩ প্যাকেট ইয়াবা ট্যাবলেট ও ১টি ছোরা পড়ে ছিল। শুক্রবার শেষ রাতের দিকে তাদের হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
 
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে আজ সকালে দুই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে কারা, কেন তাদেরকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহতদের নাম পরিচয় জানা গেলে বিস্তারিত জানা যেতে পারে বলে তিনি জানান।
 
ইত্তেফাক/রাফাত