‘রূপগঞ্জে দলীয় কোন্দল নিরসন আর উন্নয়নেই আওয়ামী লীগের জয়’

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০০:১৮

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া (নৌকা) জয়লাভ করেছেন। দলের অভ্যন্তরীণ কোন্দল নিরসন আর এলাকার সার্বিক উন্নয়নের কারণেই আওয়ামী লীগ প্রার্থীর এই জয়। বিশেষ করে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের সমর্থকরা ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণা ও গণসংযোগে মাঠে নামেন এবং ভোটাররাও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকাকেই জয়ী করেন- এমনটাই মনে করছেন এখানকার রাজনৈতিক বিশ্লেষকরা।

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া দক্ষ সংগঠক, পরীক্ষিত ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে এলাকায় খুবই জনপ্রিয়। রাজনীতির শুরু থেকেই তিনি আওয়ামী লীগের সঙ্গে জড়িত। সত্ ও দুর্নীতিমুক্ত থাকায় ভোটাররা তাকে নির্বাচিত করেছেন বলে দাবি করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুঁইয়া। লোকজনকে

সরকারি ও বেসরকারি খাতে চাকরি দেওয়া, ঠিকাদারী প্রতিষ্ঠান থেকে লভ্যাংশ না নেওয়া, বিভিন্ন সুপারিশ করা থেকে কমিশন না নেওয়া, পূর্বাচলের বঞ্চিত আদি বাসিন্দাদেরকে প্ল­ট বরাদ্দ দেওয়া ও নিরীহ মানুষদের সমস্যায় পাশে দাঁড়ানোর জন্য আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া এলাকায় ‘ক্লিন ম্যান’ হিসেবে পরিচিত। রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া শিক্ষা বান্ধব হওয়ায় শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা প্রতিষ্ঠানের মালিক ও অভিভাবকরা তাঁর পক্ষেই নির্বাচনী প্রচারণা করেন।            আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া বলেন, রূপগঞ্জের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে ভোটাররা আমাকে তৃতীয়বারের মতো নির্বাচিত  করেছেন। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকব।