পুলিশ পরিচয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনতাই

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৭:০১
 
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার নাইমুড়ী গ্রামে কুরছি খাতুন নামে এক গৃহবধূর কাছ থেকে পুলিশ পরিচয়ে দুই ছিনতাইকারী সাড়ে সাত লাখ টাকা নিয়ে গেছে।
 
একটি ব্যাগে এই টাকা রাখা ছিল। কুরছি পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার করতকান্দি গ্রামের বাসিন্দা ইলেক্ট্রনিক সামগ্রীর ব্যবসায়ী শফিকুল ইসলামের স্ত্রী।
 
কুরছি খাতুন স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন, সকাল সাতটার দিকে তিনি একটি পিকআপ ভ্যানে তার স্বামী, চাচা শ্বশুর ও দুলা ভাইসহ মোট আটজন ঢাকায় মালামাল কেনার জন্য যাচ্ছিলেন। নাইমুড়ীর কাছে হেলমেট পড়া দুই মোটরসাইকেল আরোহী পিকআপের গতিরোধ করে। তারা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে পিকআপের যাত্রীদের ব্যাগ তল্লাশির কথা বলে কুরছি খাতুনের কাছে থাকা সাড়ে সাত লাখ টাকা রাখা ব্যাগটি ছিনিয়ে নেয়। কুরছি চিৎকার করলে তারা পিস্তল উঁচিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পিকআপ সহ এর চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
 
সলঙ্গা থানার উপ-পরিদর্শক সরোয়ার জাহান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। পুলিশ টাকা উদ্ধারের জন্য পিকআপ ভ্যানের চালক আব্দুল আলীমকে জিজ্ঞাসাবাদ করছে।