খালিয়াজুরীর অবশিষ্ট ফসলটুকুও তলিয়ে যাচ্ছে

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৮:১৫
 
ইতিপূর্বে নেত্রকোনার হাওড়দ্বীপ খালিয়াজুরী উপজেলার ৭০ভাগ বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ার পর দু'টি বাঁধ ভেঙ্গে এখন অবশিষ্ট ফসলটুকুও তলিয়ে যাচ্ছে।
 
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, সপ্তাহখানেকের ঢলের পানিতে বাঁধ ভেঙ্গে ২০হাজার ৭০হেক্টর বোরো ফসলের মাঝে ইতিপূর্বে শতকরা ৭০ভাগ ফসল তলিয়ে গেছে। এবার শুক্রবার রাতে জয়পুর বাঁধ ভেঙ্গে কৃষ্ণপুর ইউনিয়নের ৩১শ' হেক্টর জমির প্রায় সবটুকুই তলিয়ে যাচ্ছে। এলাকার হাজার হাজার কৃষক গত কয়েকদিন স্বেচ্ছাশ্রমে বাঁশ, কাঠ, টিন ও মাটির বস্তা দিয়ে বাঁধ দু'টি রক্ষার চেষ্টা করেও টিকিয়ে রাখতে পারেননি।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল আহমেদ জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য এপর্যন্ত এখানে ৩২ মেট্রিক টন জি আর চালের বরাদ্দ এসেছে এবং তা বিতরণ করা হয়েছে।