আশুলিয়ায় দম্পতির লাশ উদ্ধার

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০০:২৩

সোমবার দুপুরে আশুলিয়ার নবীনগর কুরগাঁও এলাকা থেকে এক দম্পতির লাশ তাদের নিজ বাসার একটি ঘর হতে উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর থানার ফতেপুর গ্রামের সৌদি প্রবাসী মো. পিয়ার আলী (৪০) ও তার স্ত্রী বুলবুলি আক্তার (৩৫)। পিয়ার আলী কয়েকদিন আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসেন এবং তার স্ত্রী এলাকায় বিভিন্ন বাসায় গৃহশিক্ষক হিসেবে শিক্ষার্থীদের পড়াতেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল অনেক বেলা হয়ে যাওয়ার পরও পিয়ার আলী ও তার স্ত্রী ঘর থেকে বের না হওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। এসময় অনেক ডাকাডাকি করেও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে বিষয়টি আশুলিয়া থানায় জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘনটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পিয়ার আলী এবং বিছানা থেকে তার স্ত্রী বুলবুলির মৃতদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে- দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীও সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস সালাম মিয়া বলেন, মরদেহ দুইটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। উভয় পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।