জনগণের জন্যেই আমার রাজনীতি: নিক্সন চৌধুরী

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৯:১৫
 
ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, 'জনগণের জন্যেই আমি রাজনীতি করি, যে কোন অপশক্তি জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করার ক্ষমতা আমার আছে।'
 
তিনি বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জীবনের মায়া ত্যাগ করে এদেশকে সোনার বাংলায় রূপান্তরের আপ্রাণ চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় আমিও তার পথ অনুসরণ করে এলাকার সত্যিকারের উন্নয়ন করে যাচ্ছি।'
 
শনিবার বিকেলে ভাঙ্গা উপজেলার হামেরদী ইউনিয়নের মুনসুরাবাদ মাদ্রাসা মাঠে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে নিক্সন চৌধুরী এসব কথা বলেন।
 
তিনি বলেন, 'মাত্র সাড়ে তিন বছরে প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় আমি ফরিদপুর-৪ আসনকে উন্নয়নের রোল মডেল হিসেবে উন্নত করেছি।'
 
'স্বাধীনতা পরবর্তীতে ফরিদপুর-৪ আসনের জনগণ বিশেষ একটি পরিবারের কাছে দীর্ঘদিন জিম্মি দশায় ছিল' উল্লেখ করে নিক্সন চৌধুরী বলেন, 'গত ৫ই জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে সঙ্গে নিয়ে সেই দশা হতে আল্লাহর অশেষ রহমতে আমি মুক্ত করতে পেরেছি।'
 
কর্মী সম্মেলনের সভাপতিত্ব করেন হামেরদী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. শামচুল আলম রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহাদাৎ হোসেন।
 
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, হামেরদী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন, আলগী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ম.ম. ছিদ্দিক মিয়া, ভাঙ্গা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু জাফর মুন্সি, আওয়ামী লীগ নেতা জিএস লাবলূ মুন্সি, পারভেজ আহম্মেদ, ডাক্তার মামুন প্রমুখ।