‘স্টেপ ডাউনের’ আহ্বানে হাসিতে ফেটে পড়লেন শেখ হাসিনা ও মোদী

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৯:৩৪
এক সঙ্গে দুইটি দেশের সরকারপ্রধানকে একদম তাদের মুখের উপর পদত্যাগ করতে বলতে বিরাট সাহস থাকতে হয়, সেটার প্রতিক্রিয়াটাও হয় গুরুতর। তবে দিল্লিতে শেখ হাসিনা-মোদী বৈঠক শেষে অনেকটা ভুলবশত দুইজনকে ‘স্টেপ ডাউন’ করতে বলে হাস্যরসের সৃষ্টি করেছেন সঞ্চালক। শুধু তাই নয় সবার সঙ্গে হাস্যরসে যোগ দেন দুই প্রধানমন্ত্রীও!
 
ইংরেজি ‘স্টেপ ডাউন’ শব্দটা সাধারণত বাগধারা হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ পদত্যাগ। আবার আক্ষরিক অর্থে ব্যবহার করলে নেমে আসা অর্থেও ব্যবহার করা যায়। শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ২ ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকের পরে ৫০ কোটি ডলারের সামরিক সহায়তা ঋণসহ মোট ২২টি চুক্তি স্বাক্ষর করেছেন। হায়দারবাদ হাউজে বৈঠক শেষে ব্রিফিংয়ের সময় অনুষ্ঠানের সঞ্চালক বলে বসেন, আই নাউ রিকুয়েস্ট টু প্রাইম মিনিস্টার টু স্টেপ ডাউন। অর্থাৎ স্টেপ ডাউনকে পদত্যাগ হিসেবে অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায়, আমি এখন দুই প্রধানমন্ত্রীকে অনুরোধ করবো ‘পদত্যাগ’ করতে। 
 
আর সেই কথা শুনে হাসিতে ফেঁটে পড়ে ব্রিফিংস্থল। ভারতের প্রধানমন্ত্রী হাসতে থাকেন এবং তার সঙ্গে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরো এক মিনিট ধরে চলা হাসির রেশ বেশ মনোরঞ্জন সৃষ্টি করেছে সোশাল মিডিয়াতে। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সাব্বির