কুমিল্লায় কনস্টেবল নিয়োগে ডিজিটাল পদ্ধতির ব্যবহার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ০৩:০১

কুমিল্লায় পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় এবার সম্পূর্ণরূপে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। গত নিয়োগে দেশের মধ্যে এ জেলায় প্রাথমিকভাবে সফটওয়্যারের মাধ্যমে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ বাস্তবায়িত হয়েছিল। গতকাল শনিবার নগরীর পুলিশ লাইন্স মাঠে ৪৮৫ জনের বিপরীতে এ নিয়োগযুদ্ধে অংশগ্রহণ করেছে জেলার বিভিন্ন উপজেলার দুই সহস্রাধিক পুরুষ, মহিলা ও মুক্তিযোদ্ধার সন্তান। নিয়োগের ক্ষেত্রে সফটওয়্যারের মাধ্যমে সম্পূর্ণরূপে ডিজিটাল পদ্ধতি ব্যবহার হওয়ায় একদিকে যেমন সময় কম লাগছে, তেমনি নিয়োগের ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা আনয়নসহ তদ্বির, প্রভাব বিস্তার ও প্রক্সি দূর হয়েছে বলে জানিয়েছেন নিয়োগ কার্যক্রমে সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তারা।

জানা যায়, শনিবার নগরীর পুলিশ লাইন্স মাঠে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে শারীরিক পরীক্ষা নেয়া হয়। এতে জেলার ১৬টি উপজেলা থেকে দুই সহস্রাধিক পরীক্ষার্থী সকাল ৯টার মধ্যে ওই মাঠে এসে লাইনে দাঁড়ায়। এরপর উপজেলাওয়ারি পৃথক বুথে তাদের শারীরিক গঠন, বুকের মাপ, উচ্চতা ও বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হয়। এতে উত্তীর্ণরা পরবর্তী ধাপের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আগামী ১০ এপ্রিল বিকাল ৩টায় নগরীর পুলিশ লাইন এলাকার কুমিল্লা সরকারি কলেজে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৫ এপ্রিল সকাল ১০টায়। ওইদিন লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে এবং পরদিন বিকাল ৫টায় ফলাফল প্রকাশ করা হবে। শারীরিক, লিখিত, মৌখিক ও মেডিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হলেই চূড়ান্তভাবে কনস্টেবল পদে সাধারণ কোটায় পুরুষ ৩১৫ জন, মহিলা কোটায় ৫৬ জন ও মুক্তিযোদ্ধা কোটায় ১১৪ জনসহ মোট ৪৮৫ জনকে নির্বাচিত করা হবে। এ দিকে এ বছর আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই কার্যক্রমে সম্পূর্ণরুপে যুক্ত হয়েছে ডিজিটাল পদ্ধতি।

এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার ও কনস্টেবল নিয়োগ নির্বাচনী বোর্ডের সভাপতি মোঃ শাহ আবিদ হোসেন ইত্তেফাককে জানান, গত নিয়োগে প্রাথমিকভাবে সফটওয়্যার ব্যবহার করা হলেও এবার ডিজিটাল পদ্ধতিটি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। নিয়োগ প্রক্রিয়ার সকল ক্ষেত্রে সম্পূর্ণ স্বচ্ছভাবে সম্পন্ন করতে জেলার প্রতিটি উপজেলার জন্য পৃথক বুথ চালু করে ল্যাপটপ কম্পিউটারে ডাটাবেজে সংরক্ষণ করা হচ্ছে। কেউ যাতে প্রক্সি দিতে না পারে সেদিকে খেয়াল রেখে ৪টি ছবি নিয়ে প্রবেশপত্র, টেবুলেশন শীটে আলাদাভাবে সংযুক্ত করা হচ্ছে। তিনি আরো বলেন, এ নিয়োগ পরীক্ষায় কারো বিরুদ্ধে আর্থিক লেনদেন বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/নূহু