আগামী ১৬ এপ্রিল মির্জাপুর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ঘুম নেই। এদিকে চেয়ারম্যান পদে সরাসরি দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় রাজনৈতিক অঙ্গন বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। উপজেলা ও জেলা নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও এখন চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে অবস্থান নিয়ে ভোট প্রার্থনায় প্রতিটি এলাকা চষে বেড়াচ্ছেন।
ছয় ইউনিয়ন পরিষদে নির্বাচন হলেও পাঁচটিতে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের বেশ শক্ত অবস্থান রয়েছে। আর এ পাঁচটিতেই আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীদের নরবড়ে অবস্থা বলে এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে। তবে পাঁচটি বাদে একটিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর বিজয় নিশ্চিত বলেও ওই এলাকার ভোটাররা জানিয়েছেন।
নির্বাচনে অংশ নেওয়া চেয়াম্যান প্রার্থীরা হলেন নবগঠিত ভাওড়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. আমজাদ হোসেন, বিএনপির মো. সাহিদুর রহমান খান সাইদ এবং স্বতন্ত্র প্রার্থী মো. তোতা মিয়া, বহুরিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবু সাইদ মিয়া ছাদু, বিএনপির মো. আব্দুস সামাদ, জাতীয় পার্টির মো. মামুনুর রশিদ মামুন এবং স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম বাবুল, ফতেপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. হুমায়ুন তালুকদার, বিএনপির মো. শহীদুর রহমান মৃধা এবং স্বতন্ত্র মো. আব্দুর রউফ ও মো. ইয়াকুব আলী, লতিফপুরে আওয়ামী লীগের মো. জাকির হোসেন, বিএনপির মো. আলী হোসেন রনি এবং স্বতন্ত্র সৈয়দ মো. আরিফ হোসেন, আজগানা ইউনিয়নে আওয়ামী লীগের মো. রফিকুল ইসলাম রফিক সিকদার, বিএনপির মো. আবুল হোসেন কনক, স্বতন্ত্র মো. আমজাদ হোসেন এবং মো. রতন মিয়া এবং তরফপুর ইউনিয়নে আওয়ামী লীগের মো. আবুল কাশেম, বিএনপির মো. সাইদ আনোয়ার ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. শরীফুর রহমান শরিফ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইত্তেফাক/নূহু
