খুলনায় পুলিশকে ঘুষি মারা সেই আইনজীবী এখনো গ্রেফতার হয়নি

আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১০:৪৮
 
খুলনায় আদালত চলাকালীন এজলাসের ভেতরে দায়িত্বরত পুলিশ সদস্যকে কিল-ঘুষি মারা সেই আইনজীবীকে খুঁজছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে খুলনা সদর থানায় মামলা দায়েরের পর থেকে গতকাল শনিবার পর্যন্ত কয়েক দফা অভিযান চালিয়েও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
 
পুলিশ জানায়, কনস্টেবল আলাউদ্দীনকে কিল-ঘুষি মারার ঘটনায় গত বৃহস্পতিবার রাতে অ্যাডভোকেট হাফিজুর রহমান শান্তর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সরকারি কাজে বাধা প্রদান, কর্তব্যরত পুলিশ সদস্যকে মারধর ও হুমকির অভিযোগে কনস্টেবল আলাউদ্দীন শেখ নিজে বাদী হয়ে খুলনা সদর থানায় মামলাটি দায়ের করেন।
 
ওই ঘটনার পর থেকেই আত্মগোপন করেছেন অ্যাডভোকেট হাফিজুর রহমান শান্ত। মামলা দায়েরের পর থেকে আসামি শান্তকে গ্রেফতারের জন্য নগরীর বিকে মেইন রোডের বাসায় কয়েক দফা অভিযান চালিয়েছে পুলিশ। তবে তাকে পাওয়া যায়নি। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মিজানুর রহমান বলেন, আসামি হাফিজুর রহমান শান্তকে গ্রেফতারের জন্য পুলিশ জোর প্রচেষ্টা চালাচ্ছে। তবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
 
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে খুলনার অতিরিক্ত মুখ্য ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম চলাকালে অ্যাডভোকেট হাফিজুর রহমান শান্ত কাঠগড়ায় দাঁড়ানো এক আসামির সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এক পর্যায়ে হাফিজুর রহমান শান্ত কনস্টেবল আলাউদ্দীনের মুখে কিল-ঘুষি মারেন।
 
ইত্তেফাক/রাফাত