বন্ড সুবিধার আওতায় শুল্কমুক্ত সুবিধায় আনা পণ্য বাইরে বিক্রি করে দেওয়া প্রতিষ্ঠানকে ধরতে অভিযান চলছে জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া বলেছেন, দায়ীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা কিংবা লাইসেন্স বাতিল করা হবে। গতকাল সেগুনবাগিচায় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, বন্ড সুবিধার অপব্যবহারকারীরা ফটকা ব্যবসায়ী। তাদের কারণে দেশীয় শিল্পসহ অন্যরা ক্ষতির মুখে পড়ছে। এ সময় কয়েকটি এলাকায় কাগজ, কাপড়সহ বন্ড সুবিধায় আনা পণ্য বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট রাজধানীর ইসলামপুর, নয়াবাজারসহ কয়েকটি এলাকার নাম উল্লেখ করেন। অবশ্য এ ধরনের অনিয়ম রোধ করতে শিগগিরই বন্ড ব্যবস্থাপনা অটোমেশনের আওতায় আনার কথা জানান তিনি। প্রসঙ্গত বন্ড সুবিধার অপব্যবহার করায় বেশকিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে সম্প্রতি ব্যবস্থা নিয়েছে এনবিআর। গতকালও রাজধানীর উত্তরখানে তাসনিফ পলিমান ইন্ডাস্ট্রিজ নামে একটি প্রতিষ্ঠানের ৬৯ লাখ টাকা শুল্ক ফাঁকির অভিযোগে মামলা করেছে সংশ্লিষ্ট অফিস।
আলোচনায় বিজিএমইএ, বিকেএমইএসহ বন্ড সুবিধাপাপ্ত রপ্তানি খাতের প্রতিনিধি এবং টেক্সটাইল খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, যারা অন্যায়ের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, আমাদের সমর্থন থাকবে। এ সময় এনবিআর চেয়ারম্যানও সব রপ্তানিখাতের জন্য সমান সুযোগ রাখার বিষয়ে আশ্বাস দেন। বিজিএমইএ সভাপতি বলেন, বৈষম্য না থাকাই ভালো। এ সময় তিনি রাজস্ব সংক্রান্ত নীতিমালা দীর্ঘমেয়াদি হওয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেন, বছর বছর আলোচনা করতে হয়। অনিশ্চয়তার মধ্যে থাকতে হয়। রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান উেস কর সুবিধা (০.২৫ শতাংশ) আরো পাঁচ বছর রাখা এবং প্রদেয় কর ফাইনার সেটেলমেন্ট হিসেবে বিবেচনা করা, এ খাতের উদ্যোক্তাদের কর্পোরেট করহার কমিয়ে বিদ্যমান ১২ শতাংশ থেকে ১০ শতাংশে আনা, রপ্তানি খাতকে সম্পূর্ণ ভ্যাটের আওতামুক্ত রাখা, স্ট্যাম্প শুল্ক প্রত্যাহার করার দাবি জানান। টেক্সটাইল মিল্স অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি মোহাম্মদ আলী খোকন সুতার ওপর বিদ্যমান ট্যারিফ ভ্যাট ব্যবস্থা বহাল রাখার দাবি জানান।
