ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কলাভবনের চতুর্থ তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।
রবিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই ছাত্রীর বাড়ি খাগড়াছড়ির মানিকছড়ি থানায়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. জাহিদুল কবীর বলেন, তার অবস্থা গুরুতর হওয়ায় দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। সুস্থ না হওয়া পর্যন্ত আমরা কিছু বলতে পারছি না।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (দায়িত্বপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর বলেন, বিষয়টি তদন্তে প্রক্টর ড. জাহিদুল কবীরকে আহ্বায়ক এবং সহকারী অধ্যাপক সোহেল রানাকে সদস্য সচিব করে ৭ (সাত) সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ইত্তেফাক/ইউবি
