খুলনায় পহেলা বৈশাখে সরকারি আয়োজনে ইলিশ থাকছে না

আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৭:৩১
পহেলা বৈশাখে খুলনার সরকারি কোন আয়োজনে ইলিশ থাকছে না। 
 
রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা এবং সন্ত্রাস-নাশকতা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুল আহসান এতে সভাপতিত্ব করেন। 
 
সভায় জানানো হয়, পহেলা বৈশাখ শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে শহরের নিরাপত্তায় সব রকম প্রস্ততি রয়েছে।  পহেলা বৈশাখসহ বিভিন্ন জাতীয় দিবসে সন্ত্রাস ও জঙ্গিবাদ রুখতে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে প্রতিটি মসজিদে গণসচেতনতামূলক বক্তব্য প্রদানের বিষয়ে সভায় অভিমত প্রকাশ করা হয়।  
 
পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, ইতোমধ্যে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া মাদকের পৃষ্ঠপোষকতা কারীদেরকেও সতর্ক করা হয়েছে।
 
সভায় জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান, সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাক, উপ-পুলিশ কমিশনার (নর্থ), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।
 
ইত্তেফাক/ইউবি