পাবনায় আন্ত:জেলা ডাকাতদলের প্রধানসহ গ্রেফতার ৪

আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৭:২১
 
পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাতদলের প্রধানসহ চার ডাকাতকে গ্রেফতার করেছে র‌্যাব।
 
এ সময় তিনটি বিদেশি রিভলভারসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। রবিবার দুপুরে র‌্যাব-১২ পাবনা ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরদীর পূর্বটেংরী শেরশাহ রোড এলাকার মৃত আনিছুর রহমানের ছেলে মানিকুজ্জামান সুমন ওরফে মানিক (৪৩), গোকুল নগর এলাকার মৃত মনজিল সরদারের ছেলে মোকলেছ সরদার (২৪), ভেলুপাড়া এলাকার তফিজ উদ্দিনের ছেলে আব্দুস সালাম (৩৫) ও কুষ্টিয়ার ভেড়ামারা সদর উপজেলার ক্ষেমিরদিয়া মুন্সীপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে ফারুক হোসেন তুহিন ওরফে তুষার (৪০)।
 
সংবাদ সম্মেলনে র‌্যাব-১২ এর পরিচালক (সিও) মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে ডাকাতদলের প্রধান মানিক সহ অপর তিন ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানান তিনি। র‌্যাবের দাবি, তারা সংঘবদ্ধ আন্ত:জেলা ডাকাতদলের সদস্য।
 
ইত্তেফাক/জামান