এজেন্টের মাধ্যমেও ভিসা ফি পরিশোধ করা যাবে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২০:১৩
এখন থেকে বিদেশি দূতাবাসের অনুমোদিত এজেন্টের মাধ্যমে ভিসা আবেদন ফি পরিশোধ করতে পারবে ব্যাংকগুলো। বাংলাদেশে দূতাবাস নেই এমন দেশ চাইলেও এজেন্ট নিয়োগ দিয়ে এসব ফি সংগ্রহ করে নিজ দেশে নিতে পারবে। 
 
রবিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।
 
সংশ্লিষ্টরা জানান, বৈদেশিক মুদ্রা বিনিময় নীতিমালা অনুযায়ী সরাসরি দূতাবাস ছাড়া অন্য কারও মাধ্যমে ভিসা আবেদন বা প্রক্রিয়াকরণ ফি সংগ্রহ করে তা দেশের বাইরে পাঠাতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোতি লাগে। তবে সৌদি আরবসহ অনেক দেশের দূতাবাস এজেন্ট নিয়োগ দিয়ে এধরনের কাজ করতে চায়। এমন প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
 
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যে কোনো দূতাবাস এখন থেকে এজেন্টের মাধ্যমে সংগৃহীত ভিসা ফি সংগ্রহ করে ব্যাংকের মাধ্যমে তা দেশের বাইরে পাঠাতে পারবে। তবে এই অর্থ পাঠানোর আগে ওই এজেন্ট যে, সংশ্লিষ্ট দূতাবাসের নিয়োগকৃত ব্যাংককে তা নিশ্চিত হতে হবে। এছাড়া দূতাবাস কর্তৃক নির্ধারিত হারে চার্জ কাটা হয়েছে কিনা এবং প্রয়োজনীয় ট্যাক্স কেটে নেওয়ার বিষয়টি নিশ্চিত হতে বলা হয়েছে। ব্যাংকগুলো এখন থেকে এজেন্টর মাধ্যমে সংগ্রহ করা ইমিগ্রেশন ফিও পাঠাতে পারবে।
 
এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে দূতাবাস নেই এমন কোনো দেশ যদি এখানে এজেন্ট নিয়োগ দিয়ে ভিসা বা ইমিগ্রেশন ফি সংগ্রহ করে সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। বিষয়টি সব পক্ষকে অবহিত করতে বলা হয়েছে।