এমপি লিটন হত্যা : কাদের খাঁনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২১:২৩
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যার মূল পরিকল্পনাকারী হিসাবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া ডা. আব্দুল কাদের খাঁনের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র আইন মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। 
 
সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. মোক্তারুল আলম গত বৃহস্পতিবার আদালতে এ চার্জশিট দাখিল করেছেন। কিন্তু রবিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার ওসি আতিয়ার রহমান বিষয়টি সাংবাদিকদের জানান। 
 
তিনি জানান, গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহর আদালতে চার্জশিটটি জমা দেয়া হয়েছে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই চার্জশিটের ওপর শুনানির জন্য তা গাইবান্ধা জেলা জজ ও দায়রা কোর্টে পাঠাবেন। তবে রবিবার পর্যন্ত এ চার্জশিটের বিষয়ে কোন শুনানি হয়নি।
 
তিনি আরো জানান, কাদের খাঁন অবৈধ অস্ত্র ব্যবহার করতেন। এমপি লিটন হত্যা মামলায় গ্রেফতারের পর পুলিশ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দেয়া তথ্য অনুযায়ী সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের পশ্চিম ছাপরহাটি (তার গ্রামের বাড়ি ) গ্রামের বাড়ির উঠানের গর্ত থেকে ৬ রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ একটি পিস্তুল উদ্ধার করা হয় বলে চার্জশিটে উল্লেখ করা হয়। চার্জশিটে শুধুমাত্র কাদের খাঁনকে আসামি করা হয়েছে। বর্তমানে কাদের খাঁন জেলা কারাগারে রয়েছেন।
 
গত ২১ ফেব্রুয়ারি বিকেলে বগুড়া জেলা শহরের কাদের খাঁনের গরীব শাহ ক্লিনিক থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ২২ ফেব্রুয়ারি কাদের খাঁনকে ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ডে থাকা অবস্থার চতুর্থ দিনে লিটন হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন  কাদের খাঁন ।
 
প্রসঙ্গত, ৩১ ডিসেম্বর সন্ধ্যার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহবাজ গ্রামের নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে মারা যান মঞ্জুরুল ইসলাম লিটন। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদি হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে ১ ডিসেম্বর সুন্দরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
 
ইত্তেফাক/ইউবি