সুনীল গোমেজ হত্যায় রাজীব গান্ধীর দায় স্বীকার

আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ২১:৩৮
 
নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন নব্য জেএমবি নেতা জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী।
 
রবিবার দুপুরে রাজীব গান্ধীকে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাসসুল আল আমিনের খাস কামরায় নেয়া হয়। বিচারকের কাছে দুই ঘণ্টার জবান বন্দিতে রাজীব জানায়, সুনীল গোমেজ হত্যায় তারা মোট ছয়জন জড়িত ছিল। হত্যার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীর পরামর্শে তারা এই হত্যাকাণ্ডের কয়েকদিন আগে নাটোরে এসে ঐ এলাকায় কয়েকবার র‌্যাকি করে যায়। সুনীল গোমেজকে হত্যা করে সহজেই পালিয়ে যাওয়ার ব্যাপারটি নিশ্চিত হওয়ার পরেই তারা এই হত্যাকাণ্ড চালায়। হত্যাকাণ্ড শেষ হওয়ার পরেই তারা তামিম চৌধুরীকে তা জানিয়ে নিজেরা গা ঢাকা দেয়। এসময় তাদের কেউ কেউ নাটোরেই অবস্থান করেছেন।
 
পুলিশের কাউন্টার টেররিজম বিভাগ হত্যাকাণ্ডের কিছুদিন পর গাইবান্ধার নিজ বাড়ি থেকে রাজীব গান্ধীকে আটক করে নাটোরে প্রেরণ করে। পরে গত ছয় এপ্রিল তাকে চারদিনের রিমান্ডে নেয়া হয়। এসময় রাজীব গান্ধী কিছু তথ্য দেয়ায় হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে রবিবার ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করা হয়।
 
নাটোরের পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার তার অফিসে এক প্রেস ব্রিফিং করে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি আরো জানান, দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে অমুসলিম হত্যার নীল-নকশা অনুযায়ী একের পর এক যে হত্যাকাণ্ড চালানো হয় নাটোরের বড়াইগ্রামের সুনীল গোমেজ হত্যাও তারই একটি অংশ।