পহেলা বৈশাখ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে ব্যবস্থা ---------------- আইজিপি

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০০:৫৮

বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে কেন্দ্র করে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অপপ্রচার চালিয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ও সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর জোর দেন। গতকাল সোমবার পুলিশ সদর দফতর সম্মেলন কক্ষে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

আইজিপি বলেন, বাংলা নববর্ষ নিরাপদে উদ্যাপনের লক্ষ্যে পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। জনগণ যাতে পহেলা বৈশাখ উদযাপন করতে পারে সেজন্য সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। এ সময় রাজধানীসহ সারাদেশে জনসমাগমস্থলে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন তিনি। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পহেলা বৈশাখ আমরা নিরাপদে উদ্যাপন করতে পারব। সভায় রাজধানী ঢাকায় রমনা বটমূল, রবীন্দ্র সরোবর, হাতিরঝিলসহ বৃহত্ জনসমাগমস্থল এবং মঙ্গল শোভাযাত্রায় পুলিশ এবং অন্যান্য সংস্থার সমন্বয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। জরুরি প্রয়োজনে পুলিশের হেলিকপ্টার থাকবে। রেল স্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালসহ জনসাধারণের চলাচলের স্থানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। এসব স্থানে পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। নিরাপত্তা ব্যবস্থা সার্বিক সমন্বয়ের লক্ষ্যে পুলিশ সদর দফতর, সকল মেট্রোপলিটন, রেঞ্জ ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন করা হবে। রমনা পার্কে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ও র্যাব কন্ট্রোল রুম স্থাপন করবে। এছাড়া ডিএমপি ‘লস্ট এন্ড ফাউন্ড সেন্টার’ এর মাধ্যমে জনগণকে সেবা প্রদান করবে।

সভায় উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আবুল কাশেম, এসবির অতিরিক্ত আইজিপি মীর শহীদুল ইসলাম, এনএসআই’র পরিচালক মেজবাহ উদ্দিন প্রমুখ ।