বিএনপি নেতা টুকু কারাগারে, মঙ্গলবার সিরাজগঞ্জে হরতাল

আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৪:৫৩
 
নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
 
সোমবার বেলা সাড়ে ১১টায় ইকবাল হাসান মাহমুদ টুকু তিনটি মামলায় আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
 
জামিনের শুনানি শেষে বিচারক জাফরোল হাসান জামিন নামঞ্জুর করে ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সিরাজগঞ্জে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে জেলা বিএনপি। জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন এ তথ্য নিশ্চিত করেছেন।
 
এদিকে ইকবাল হাসান মাহমুদকে কারাগারের পাঠানোর আদেশ দিলে তাৎক্ষণিক দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় আদালত চত্বরে শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কাউছার