নাশকতার পরিকল্পনা করার সময় সাতক্ষীরার পাটকেলঘাটায় পুলিশের বিশেষ অভিযানে এক শিবির সভাপতিসহ জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে পাটকেলঘাটা থানার বড়কাশিপুর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ জিহাদি বইসহ ছাত্র শিবিরের চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন- বড়কাশিপুর গ্রামের মোহাম্মদ আলী খানের ছেলে হাসান আলী খান (৪৬), হাসান আলী খানের ছেলে ও সরুলিয়া ইউনিয়ন শিবিরের সভাপতি ইমামুল হোসেন (২৭), একই গ্রামের শেখ জিল্লুর রহমানের ছেলে আরিফ হোসেন (২৯) এবং নগরঘাটা গ্রামের আ. করিম সরদারের ছেলে সাইদুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, জামায়াত-শিবিরের বহু সংখ্যক নেতাকর্মী পহেলা বৈশাখকে সামনে রেখে বড় ধরনের নাশকতার উদ্দেশ্যে বড় কাশিপুর হাসান আলীর বাড়িতে গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে পাটকেলঘাটা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্রের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় বেশ কিছু সংখ্যক জামায়াত-শিবির কর্মীরা পালিয়ে গেলেও পুলিশ উক্ত ৪ জামায়াত-শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে বিপুল পরিমান জিহাদি বইসহ ছাত্র শিবিরের চাঁদা আদায়ের রশিদ বই, ২টি মাসিক পত্রিকা ও সিলেবাস উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পাটকেলঘাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জল কুমার মৈত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
