সাতক্ষীরায় সন্ত্রাসীর গুলিতে আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন নিহত হয়েছে। সোমবার রাত পৌনে ১০ টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কবির হোসেন সাতক্ষীরা সদর উপজেলা কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
নিহতের চাচা নজরুল ইসলাম জানান, একইভাবে তার ভাই সিরাজুল ইসলামকে দুর্বৃত্তরা ২০১৩ সালের যুদ্ধাপরাধী কাদের মোল্যার ফাঁসির রাতে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে। এরপর থেকে সিরাজুলের ছেলে কবির হোসেন(৩০) সাতক্ষীরা শহরের রাজারবাগান সরকারি কলেজের পাশ্ববর্তী একটি ভাড়াবাড়িতে বসবাস করতো। রাতে ভাড়া বাড়িতে অবস্থান করার সময়ে সন্ত্রাসীরা তাকে কয়েক গুলি করে। এতে তার শরীরের তিনটি স্থানে গুলিবিদ্ধ হয়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নজরুল ইসলাম আরো বলেন, তার ভাই সিরাজুলের হত্যাকারী কবির, আজগার, মুকুল, নাজমুল, শহীদুল, খায়েরসহ কয়েকজন। তারা পরিকল্পিতভাবে কবিরকে গুলি করে হত্যা করেছে বলে তিনি ধারনা করছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।
ইত্তেফাক/নূহু
