চবিতে নিরবিছিন্ন বিদ্যুৎ ও পানির দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ২৩:৩৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিরবিছিন্ন বিদ্যুৎ ও পানির দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। এ সময় তারা প্রায় ৩ ঘন্টা মূলফটক অবরোধ করে রাখে। চবির আবাসিক প্রীতিলতা, শামসুন্নাহার এবং খালেদা জিয়া হলের ছাত্রীরা এ বিক্ষোভ করেছে।

সোমবার রাত ৭ টা থেকে ১০ পর্যন্ত ক্যাস্পাসের মূলফটকে বিক্ষোভ করে ছাত্রীরা। এর আগে চবির ছাত্রদের আবাসিক শাহজালাল ও আব্দুর রব হলের প্রভোষ্ট কক্ষে তালা দেয় শিক্ষার্থীরা।

সূত্র জানায়, পাঁচ দিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বেশির ভাগ সময় বিদুৎ ও পানি থাকে না। যার ফলে ছাত্ররা বিক্ষুদ্ধ হয়ে দুপুরে চবি শাহজালাল ও আব্দুর রব হলের প্রভোষ্ট কক্ষে তালা দেয়। পরে আবার সন্ধ্যায় পানি না পেয়ে ছাত্রীরা বিক্ষুদ্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে চবির প্রীতিলতা হলের ছাত্রীরা হলের গেইট থেকে স্লোগান নিয়ে শামসুন্নাহার হল প্রদক্ষিণ করতে থাকে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে খালেদা জিয়া হলের ছাত্রীরা একই দাবিতে স্লোগান নিয়ে ক্যাম্পাসের শহীদ মিনার হয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে অবস্থান নেয়। সেখানে শিক্ষার্থীদের পরীক্ষার সময় নিরবিছিন্ন বিদ্যুৎ সংযোগ ও পানির দাবিতে মিছিল করতে থাকে।

বিক্ষুদ্ধ ছাত্রীরা জানায়, সকাল থেকে বিদ্যুৎ না থাকায় আমরা ঠিকমতো গোসল করতে পারছি না। অন্যদিকে আগামীকাল অনেকের পরীক্ষা। পড়াশোনা করতে পারছি না। অথচ আমরা রাস্তা নেমে আন্দোলন না করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানবে না যে ক্যাম্পাসে বিদুৎ ও পানি নাই।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ে বিদুৎতের ভোল্টেজ কম থাকার কারনে পানির পাম্পগুলো চালানো যাচ্ছে না। ফলে এ সমস্যা দেখা দিয়েছে। আমরা বিকল্প ব্যবস্থায় জরুরি ভিত্তিতে সমাধানের চেষ্টা করছি।

ইত্তেফাক/নূহু