দেশ বিক্রির অভিযোগ উদ্ভট ও হাস্যকর : নাসিম

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ০০:৪৮

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছে। সেই দলের বিরুদ্ধে যদি দেশ বিক্রির অভিযোগ করা হয়, তাহলে এটা উদ্ভট ও হাস্যকর ছাড়া আর কিছুই না। গতকাল সোমবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ঐতিহাসিক মুজিবনগর সরকার দিবস উদযাপন কমিটির বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ নাসিম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হতাশা থেকে মতিভ্রম হয়েছে। এ কারণে তিনি বালখিল্য আচরণ করছেন। দায়িত্বহীন কথাবার্তা না বলে খালেদা জিয়াকে সঠিক পথে রাজনীতি করার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নিয়ে সমঝোতা-চুক্তি করেছেন। এসব চুক্তি দুই দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্যই করা হয়েছে। আমরা কোনোভাবেই দেশকে বিক্রি করিনি। দেশ বিক্রি করতে পারে এমন কোনো শক্তি বাংলাদেশে নেই।           মুজিবনগর সরকার দিবসের তাত্পর্য ও প্রেক্ষাপট তুলে ধরে মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশের ইতিহাসে মুজিবনগর সরকারের কথা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বঙ্গবন্ধুর নির্দেশে জাতীয় চার নেতাসহ মুজিবনগর সরকারের সদস্যরা সেদিন শপথ গ্রহণ করেন। তত্কালীন সময়ে মুজিবনগর সরকার গঠন ও শপথগ্রহণে ভারতের সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।

মুজিবনগর সরকার দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের মেরিন জাহান কল্পনা প্রমুখ উপস্থিত ছিলেন।

মুজিবনগর দিবস উদযাপনে

দুই দিনের কর্মসূচি

বৈঠকে মুজিবনগর সরকার দিবস উদযাপনে দুই দিনের কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১৭ এপ্রিল ভোরে বঙ্গবন্ধু ভবন ও দলীয় কার্যালয়সহ সারাদেশে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও গার্ড অব অনার প্রদান। একইদিন বেলা ৩টায় মুজিবনগরে সমাবেশ করবে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। পরদিন ১৮ এপ্রিল বেলা ৩টায় রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ইত্তেফাক/নূহু