গাজীপুরে অস্ত্র মামলায় এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার সকালে গাজীপুরের জেলা ও দায়রা জজ একেএম এনামুল হক এ রায় ঘোষণা করেন। একই মামলার রায়ে অপর একটি ধারায় এই আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রেজাউল করিম ওরফে কালু (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার বাগানতলি গ্রামে বসবাসকারী সাইফুর রহমানের ছেলে।
গাজীপুর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমেদ জানান, ২০১৩ সালের ১৩ মার্চ ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রী রেজাউল করিম ওরফে কালুর কাছ থেকে দুটি ১২ বোড়ের পিস্তল, চারটি ম্যাগজিন ও ১০ রাউন্ড গুলি উদ্ধার করেন সালনা হাইওয়ে পুলিশ। এ ঘটনায় সলনা হাইওয়ে পুলিশের পরিদর্শক আলমগীর সিদ্দিকি বাদী হয়ে এই যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্ত শেষে ঐ বছরে ২৩ জুন আদালতে চার্জশিট দাখিল করেন। মামলা ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
দীর্ঘ শুনানি শেষে দোষী সাব্যস্ত হওয়ায় আসামিকে মামলার দুটি ধারায় যাবজ্জীবন ও ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন জজ কোর্টের পিপি অ্যাডভোকেট হারিছউদ্দিন আহমেদ। আসামি পক্ষে ছিলেন নাজমুল হক চৌধুরী।
ইত্তেফাক/রাফাত
