কালিহাতীতে গৃহবধূ ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৩:৫৪
 
টাঙ্গাইলের কালিহাতীতে এক সন্তানের জননী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার হওয়া গৃহবধূ।
 
জানা যায়, কালিহাতী উপজেলার ভুক্তা গ্রামের এক গৃহবধূ গত ৫ এপ্রিল (বুধবার) পাশের গ্রাম নিগইরে বাবার বাড়ি বেড়াতে যান। ওইদিন সন্ধ্যায় নিকটবর্তী এক বাড়িতে টেলিভিশন দেখে বাড়ি ফেরার পথে ঐ গৃহবধূর পরিচিত সুজন ও রাজীবর সঙ্গে দেখা হয়। এ সময় তাদের সঙ্গে কথা বলার সময় হঠাৎ দক্ষিণ চামুরিয়া গ্রামের জলিল(৪৫), বিশা(৪২), আনোয়ার(৩০) এসে তাদের গালি-গালাজ শুরু করে এবং খারাপ কাজ করার অভিযোগ তোলে। তারা বিচারের কথা বলে পাশের একটি বেগুন ক্ষেতে নিয়ে সুজন ও রাজীবের হাত-পা বেধে রেখে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এক পর্যায়ে সুজন ও রাজীবের চিৎকার শুনতে পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়।
 
গত ৮ এপ্রিল (শনিবার) রাতে ধর্ষিতা গৃহবধূ কালিহাতী থানায় একটি মামলা দায়ের করেন।
 
এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ খন্দকার মো. আখেরুজ্জামান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। খুব শিগগিরই আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
 
ইত্তেফাক/রাফাত