আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ১৮ বছরের কম বয়সী মেয়ে এবং ২১ বছরের কম বয়সী ছেলেদের বিয়ের না দেয়ার বিধান শিথিল করা হয়নি।
বাল্য বিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান নিয়ে যেসব আলাপ-আলোচনা হচ্ছে তা নিরর্থক উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের দেশে যে বাল্য বিবাহ নিরোধ আইন তৈরি করা হয়েছে সেটায় পরিষ্কারভাবে বলা রয়েছে ১৮ বছরের কম বয়সী কোন মেয়েকে এবং ২১ বছরের কম বয়সী কোন ছেলেকে বিয়ে দেয়া যাবে না বা তারা বিয়ে করতে পারবে না। এটা হচ্ছে এ আইনের মূল বিষয়। তবে জরুরি অবস্থায় যদি বিয়ের প্রয়োজন দেখা দেয় তাহলে অভিভাবকদের সম্মতি ও আদালতের অনুমতিক্রমে বিয়ে হতে পারে। তার মানে এই নয় যে, ১৮ বছর ও ২১ বছরের বিয়ের বিধান শিথিল করা হয়েছে।’
আজ মঙ্গলবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের জুডিসিয়াল কর্মকর্তাদের ১৩৫তম রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে তিনি বলেন, রাষ্ট্রের অন্যতম অংশ হিসেবে বিচার বিভাগের পবিত্রতা, মর্যাদা ও স্বাধীনতা রক্ষার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর। তাঁর সদিচ্ছায় বিচার বিভাগের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। বাসস।
