পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সফরে মস্কো যাচ্ছেন আজ

আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৯:১২
 
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এক দ্বিপাক্ষিক সফরে আজ বুধবার মস্কো যাচ্ছেন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে তিনদিনের এই সফরে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে আলোচনা হবে। সফরকালে ঢাকা ও মস্কোর মধ্যে সমঝোতা স্মারক সই হওয়া ছাড়াও ভিসা ফি মওকুফ সংক্রান্ত ১৯৭৩ সালের ডকুমেন্ট বাতিল করার জন্য নোট বিনিময় হবে। দুই দেশের তথ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই হবে। এ ছাড়া সরকারি সংবাদ সংস্থা বাসস এবং রুশ বার্তা সংস্থা ইতারতাসের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিনিধি দলে তথ্য সচিব মর্তুজা আহমদ, জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরী ও রূপপুর পরমাণু বিদ্যুত্ প্রকল্পের পরিচালক (পিডি) ড. শওকত আকবরসহ কয়েকজন কর্মকর্তা রয়েছেন।
 
রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের আগামী আগস্টে বাংলাদেশ সফরের  সম্ভাবনা রয়েছে। প্রধানমন্ত্রী মেদভেদেভের সফর নিয়ে আলোচনা করবেন পররাষ্ট্র মন্ত্রী মাহমুদ আলী। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সফরকে গুরুত্বপূর্ণ আখ্যা দিয়ে বলেছে, ১৯৭১ সালে শুরু হওয়া ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় রাশিয়ার পুরাতন এবং বিশ্বস্ত অংশীদার। সেই সময় থেকে দুই দেশের মধ্যে মর্যাদা, পারস্পরিক স্বার্থ এবং আস্থার সম্পর্ক বিদ্যমান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় আঞ্চলিক ও আন্তর্জাতিক সন্ত্রাসবাদসহ দ্বিপাক্ষিক সম্পর্ক গুরুত্ব পাবে।
 
ইত্তেফাক/কাউছার