দেশবাসীর প্রতি মোশাররফের কৃতজ্ঞতা

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৮:৩৮

চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলার কথা ছিল মোশাররফ হোসেন রুবেলের। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়েই খেলতে পারতেন তিনি। কিন্তু বাধ সেধেছিল ক্যান্সারের জীবাণু। মস্তিষ্কে টিউমার ধরা পড়েছিল। খবরটা ছড়িয়ে পড়তেই ক্রিকেটাঙ্গন তার পাশে দাঁড়ায়। বিসিবি, ক্রিকেটার, সংগঠক, ক্লাবসহ সবাই সহযোগিতার হাত বাড়ান।

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অপারেশনের মাধ্যমে মোশাররফ হোসেন রুবেলের মস্তিষ্কের টিউমার অপসারণ করা হয়। অপারেশন শেষে গত শনিবার ঢাকায় ফিরেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। গতকাল মিরপুর স্টেডিয়ামে আসেন তিনি। প্রাইম দোলেশ্বর-শেখ জামাল ম্যাচ থাকায় সতীর্থদের সঙ্গেও দেখা হয়ে যায় মোশাররফ রুবেলের। জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদও এদিন মাঠে ছিলেন।

সবার সঙ্গেই হাসি-খুশিভাবে কথা বলেছেন এই বাঁহাতি ক্রিকেটার। কিন্তু কথায় জড়তা ছিল স্পষ্ট। এর মাঝেই সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোশাররফ রুবেল।

গতকাল এই অভিজ্ঞ ক্রিকেটার বলেছেন, ‘মানুষের ভালোবাসা পাব এত, এত রেসপন্স পাব ভাবি নাই। প্রতি মুহূর্তে খবর নিয়েছে, আসলে আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে। অর্থমন্ত্রী আসছিলেন, গণপূর্তমন্ত্রী আসছিলেন, পাপন ভাই আসছিলেন। সাকিব, মাশরাফি, তামিম খবর নিয়েছে। এত ভালোবাসা পাব চিন্তা করি নাই। দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ।’

অপারেশন সফল হলেও মোশাররফ রুবেলকে কিছুদিন পর আবারো সিঙ্গাপুর যেতে হবে। টিউমারের জীবাণু পুরোপুরি নির্মূল করতে নিতে হবে রেডিওথেরাপি ও কেমোথেরাপি।