‘শারীরিক প্রতিবন্ধীদের মানবসম্পদে পরিণত করতে মনোযোগ দেওয়া উচিত’

আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ১৭:৩৪
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা বলেছেন, বর্তমান সরকার প্রতিবন্ধী মানুষের কল্যাণ নিশ্চিত করতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকে অবহেলা না করে জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় তাদের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে তাদেরকে মানবসম্পদে পরিণত করতে তাদের প্রতি যথাযথ মনোযোগ দেওয়া উচিত।
 
নগরীর গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঙ্গলবার বিকেলে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। 
 
প্রতিবন্ধী মানুষকে মোবাইল ভ্যান থেরাপি সেবা প্রদানের জন্য অনুষ্ঠানটির আয়োজন করে রংপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র (পিএসএসকে)।
 
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য শামসুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তাপস কুমার প্রমুখ।
 
মশিউর রহমান রাঙ্গা বলেন, বর্তমান সরকার দেশে প্রতিবন্ধীদের পুনর্বাসনে তাদের বিনামূল্যে মোবাইল থেরাপি প্রদানের জন্যে বহু প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র স্থাপন করেছে।
 
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষকে বিভিন্ন ধরনের ভাতা প্রদানের পাশাপাশি তাদের জন্যে শিক্ষা ও চাকরিতে বিশেষ কোটাসহ পৃথক শিক্ষা প্রতিষ্ঠানও স্থাপন করেছে। বাসস।