ঢাকার নবাবগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় শিকারীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আলিমোর রহমান খান পিয়ারাকে প্রধান আসামি হিসেবে মামলা করেছে পুলিশ।
জানা যায়, সংঘর্ষের সময় অবৈধভাবে অস্ত্র প্রদর্শন ও পুলিশের উপর হামলায় বুধবার দুপুরে পুলিশ বাদী হয়ে এ মামলা করেন।নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল আলম তালুকদার ঐ মামলার বাদী হন। মামলায় আলিমোর রহমানকে প্রধান করে ২০জনের নামসহ অজ্ঞাত ৪০/৫০জনকে আসামি করা হয়েছে।
উল্লেখ্য, এলাকার আধিপত্য নিয়ে গত মঙ্গলবার সকালে ব্যবসায়ী বাদলের মালিকানাধীন সাহেবগঞ্জের ইটভাটায় হামলা চালায় ইউপি চেয়ারম্যান সমর্থকরা। এই সময় সমর্থকরা অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে অন্তত ৫০রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে। ব্যবসায়ী বাদল দুপুরের দিকে পুলিশের পাহারায় বাড়ি ফেরার পথে চেয়ারম্যান সমর্থক হামলা করে বলে অভিযোগ ওঠে। এতে চার পুলিশ সদস্যসহ ২০জন আহত হন। এবিষয়ে ব্যবসায়ী বাদল মিয়ার পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে বলে জানা গেছে।
নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল মামলার সত্যতা স্বীকার করে বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
ইত্তেফাক/জামান
