ব্যালন ডি’অরে নেই রোনালদো

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:০২

স্পোর্টস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো আজ শনিবার এসপিএএল এর বিরুদ্ধে খেলার মধ্য দিয়ে আবার মাঠে ফিরতে যাচ্ছেন। এবারের ব্যালন ডি’অরের সেরা তিনে না থাকার খবরের মধ্যেই ইতালি চ্যাম্পিয়ন জুভেন্তাসের হয়ে মাঠে নামতে যাচ্ছেন তিনি। বর্তমানে ৩৩ বছর বয়সী রোনালদো মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর পুরস্কারটি পাঁচবার জিতেছেন। বলা হচ্ছে এবার তিনি শীর্ষ তিনে উপেক্ষিত হয়েছেন। ৩ ডিসেম্বর প্যারিসে এ পুরস্কারটির জয়ীর নাম ঘোষণা করা হবে।

রোনালদো অবশ্য পর্তুগালের শেষ চারটি আন্তর্জাতিক খেলাতেও ছিলেন না। তাকে খেলাগুলোয় বিশ্রাম দেওয়া হয়েছিল এবং পর্তুগাল প্রথম দল হিসেবে উয়েফার ন্যাশন্স লিগের চূড়ান্ত পর্বে নাম লিখিয়েছে।

ফুটবলের আন্তর্জাতিক বিরতির সময় তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য লন্ডনে গিয়েছিলেন। প্রকাশিত খবরাদিতে বলা হয় রোনালদো তার স্প্যানিশ বান্ধবী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বাগদান সম্পন্ন করেন ওই সময়ে। এরপর ট্রেনে করে তুরিনে ফেরেন তিনি। এরপরই জুভেন্তাসের হয়ে মাঠে ফেরার প্রস্তুতিতে মনোনিবেশ করেন এই পর্তুগীজ।

জুভেন্তাসে তার দলসঙ্গী মাত্তিয়া দ্য স্কিগলিও বলেন, ‘আমি আপনাকে যা বলতে পারি তা হলো- আমি ফিরে এসে দেখি রোনালদো প্রতিদিনের মতোই অনুশীলন করছেন। পেশাদারদের মতো এবং নিজের সবটুকু দিচ্ছেন।’ ব্যালন ডি’অর না পাওয়া প্রসঙ্গে ইতালির এই ডিফেন্ডার বলেন, ‘আমি এ ব্যাপারে বলতে পারবো না। কারণ আমি কিছু জানি না।’