আনসার বিদ্রোহ : চাকরিচ্যুতদের পুনর্বহালের নির্দেশ

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ২১:২৬
২২ বছর আগে সংঘটিত বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত প্রায় তিনশত জন আনসারের মধ্যে যাদের বয়সসীমা আছে তাদেরকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
 
এছাড়া এদের মধ্যে যাদের চাকরির বয়স শেষ হয়ে গেছে তাদের চাকরিকালীন (যতদিন চাকরিতে ছিল) পেনশন প্রদান করতে বলা হয়েছে।
 
বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন। 
 
আদালতে আনসার সদস্যদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার সৈয়দ মো. জাহাঙ্গীর হোসেন এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল সূচীরা হোসাইন ও প্রতিকার চাকমা শুনানি করেন।
 
ব্যারিস্টার জাহাঙ্গীর বলেন, পুনর্বহাল হওয়া ব্যক্তিরা চাকরিতে যোগদানের পর থেকে বেতন পাবেন।
 
১৯৯৪ সালের ৩০ নভেম্বর থেকে আনসার বাহিনীর সদস্যদের মধ্যে বিভিন্ন দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে অসন্তোষ দেখা দেয়। যা পরবর্তীতে বিদ্রোহে রূপ নেয়। সেনাবাহিনী, বিডিআর ও পুলিশের সহযোগিতায় ওই বছরের ৪ ডিসেম্বর বিদ্রোহ নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় ২ হাজার ৪৯৬ জন আনসার সদস্যকে চাকরিচ্যূত করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক ৭টি মামলা করা হয়। চাকরিচ্যুতদের মধ্যে রুহুল আমিন, মোজাম্মেল হকসহ ২৮৯ জন চাকরির পুর্নবহাল ও প্রাপ্ত সুযোগ সুবিধা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন। 
 
২০১৫ সালের ১২ অক্টোবর আনসার সদস্যদের চাকরিচূত কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে আদালত। ওই রুলেল চ‚ড়ান্ত শুনানি নিয়ে হাইকোর্ট বৃহস্পতিবার এ রায় দেন।
 
ইত্তেফাক/ইউবি