গোসল করে বাড়ি ফেরা হলো না শ্রাবন্তির

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ২১:২৯
 
গোসল করে বাড়ি ফেরা হলো না শিশু শ্রাবন্তির। ঘটনাটি ঘটেছে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জের ঋষিপাড়ায়।
 
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ইটভর্তি পিকআপ ভ্যানের চাপায় শ্রাবন্তি মনি (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ চালককে আটক করেছে। নিহত শ্রাবন্তি ওই এলাকার অনন্ত মনি দাসের মেয়ে।
 
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, শ্রাবন্তি নদী থেকে গোসল করে বাড়ি ফিরছিল। এসময় ইটভর্তি পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শ্রাবন্তির মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা চালককে আটক করে গণপিটুনি দেয় এবং পিকআপটিতে আগুন দেয়।
 
নবাবগঞ্জ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক শফিকুল ইসলাম সুমন জানান, লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
ইত্তেফাক/জামান