মানিকগঞ্জে বহিষ্কৃত ছাত্র হাতুড়ি পেটা করলো শিক্ষককে

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ২২:১০
 
এইচএসসি পরীক্ষায় নকল করার দায়ে বহিষ্কৃত বখাটে শিক্ষার্থীর হাতে হাতুড়ি পেটার শিকার হলেন এক কলেজ শিক্ষক মিজানুর রহমান।
 
মিজানুর রহমান মানিকগঞ্জের হরিরামপুরে কৌড়ী এম এ রউফ ডিগ্রী কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের প্রভাষক। বর্তমানে তিনি মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বখাটে আতিকুর ইসলাম (২০) ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রী কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী। এ ব্যাপারে আহত শিক্ষক হরিরামপুর থানায় বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ করেছেন।
 
মিজানুর রহমান জানান, গত ০৮ এপ্রিল ছিলো উচ্চ মাধ্যমিকের ইংরেজি ২য় পত্র পরীক্ষা। পরীক্ষা চলাকালে মোবাইল ফোনের সাহায্যে নকল করার সময় হাতে-নাতে ধরা পড়েন আতিকুর। নকল করার দায়ে তখন তাকে বহিষ্কার করা হয়। গত বুধবার ঝিটকা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার দায়িত্ব পালন শেষে তিনি মোটরসাইকেল যোগে মানিকগঞ্জ শহরের বাড়িতে ফিরছিলেন। ঝিটকা বাজারের সামনে বহিষ্কৃত আতিক তার বন্ধুদের নিয়ে মোটরসাইকেলের গতি রোধ করে। এর পর কোনো কিছু বুঝে ওঠার আগেই তাকে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে হরিরামপুর উপজেলা হাসপাতালে ভর্তি করে।
 
এ ব্যাপারে হরিরামপুর থানার ওসি লুৎফর রহমান জানান, এ ঘটনায় আতিককে প্রধান আসামি করে মামলা হয়েছে। আসামিরা তারা পলাতক রয়েছে। গ্রেফতারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।
 
ইত্তেফাক/জামান