রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ এলাকার একটি বহুতল ফ্ল্যাট থেকে ‘জঙ্গি’ সন্দেহে আটক আবিরকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় কারাগারে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এসময় তার পরিচয়ও প্রকাশ হয়ে পড়ে।
পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, আটক আবির মাহমুদ (৩৯) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার খায়পাড়া এলাকার জনৈক আফজাল-উর-রশিদের ছেলে।
তিনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা শেষ করে আউট সোর্সিং এর কাজ করতেন। ওই ফ্ল্যাটে তিনি স্ত্রী ও দুই শিশু সন্তানসহ বসবাস করতেন। তার স্ত্রী তানজিলা লিসা একজন চিকিৎসক। প্রায় চার মাস আগে তিনি পরিবারসহ ওই ফ্ল্যাটে উঠেন। আবির মাহমুদকে আটকের পর তার স্ত্রী লিসাকেও পুলিশি হেফাজতে নেয়া হয়েছিল।
এ ব্যাপারে রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম জানান, প্রাথমিক বিজ্ঞাসাবাদে আটক আবিরের কোনো জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে পুলিশ বিষয়টি এখনও অনুসন্ধান করছে।
তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় কারাগারে পাঠানোর পর দুই সন্তানসহ তার স্ত্রীকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত ১২টার দিকে কাদিরগঞ্জ এলাকার একটি ৮ তলা ভবনে অভিযান চালায় বিপুল সংখ্যক পুলিশ, ডিবি পুলিশ ও আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এরপর ভবনের সপ্তম তলার একটি ফ্ল্যাট থেকে ১১ লাখ ৯০ হাজার টাকাসহ আবির মাহমুদকে আটক করা হয়।
ইত্তেফাক/নূহু
