ঠাকুরগাঁও জেল গেটে জঙ্গি সাহেব আবারো আটক

আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ০৬:৫৪

হাইকোর্ট থেকে জামিনে মুক্ত হওয়ার পর ঠাকুরগাঁও জেলা কারাগারের সামনে থেকে কথিত জঙ্গি সাহেব জান (২০) কে আবারো আটক করেছে সদর থানা পুলিশ।

বৃহস্পতিবার বিকেলে জেল খানার মূল ফটকের সামনে সাহেব জানকে আটক করা হয়েছে বলে ঠাকুরগাঁও থানা পুলিশের ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষর্দর্শী সাহেব জানের ভাই ইয়াকুব আলী জানান, গত বছরের ২৭ জুলাই পুলিশ আমার ভাইকে (সাহেব জান) হরিপুর উপজেলার বরিয়াল গ্রাম থেকে গ্রেফতার করে। গত ২৯ মার্চ হাইকোর্টের মাধ্যমে তার জামিন মঞ্জুর হয়।

বৃহস্পতিবার হাটকোর্ট থেকে জামিনের কাগজপত্র ঠাকুরগাঁও জেল খানায় আসলে আমরা তাকে নিতে আসি। কিন্তু জেল গেট থেকে বের হতে না হতেই পুলিশ আবারো তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ঠাকুরগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জঙ্গি সাহেব জানের আটকের কথা স্বীকার করে জানান, তাকে পর্যবেক্ষনের জন্য পুলিশি হেফাযতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে অন্য কোন মামলা নাই বলে ওসি মশিউর রহমান নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৭ জুলাই হরিপুর উপজেলা বরিয়াম গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিস্তল, ৩ রাউন্ট গুলি ও ২টি দেশীয় অস্ত্রসহ সাহেব জানকে আটক করে পুলিশ। সাহেব জান জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত ও ঠাকুরগাঁওয়ে নাশকতার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসায় জানিয়েছিল পুলিশ সুপার ফারহাত আহমেদ।

সাহেব জান জেল খানা থেকে হরিপুর উপজেলার বনগাঁও ফাজিল মাদ্রাসার ছাত্র হিসেবে চলমান এইচএসসি পরীক্ষা দিচ্ছিল বলে জানিয়েছে তার পরিবার।

ইত্তেফাক/নূহু