গাংনীতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত দুইজনের পরিচয় মিলেছে। এরা হলেন শিপন হোসেন ও আলমগীর হোসেন। পুলিশের দাবি অনুসারে তারা চাঁদাবাজ এবং ইটভাটায় চাঁদা চাইতে আসলে তাদের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়।
নিহত শিপন গাংনী উপজেলার দুলালনগর গ্রামের মাদার আলীর ছেলে এবং আলমগীর হোসেন পার্শ্ববর্তি চাঁদপুর গ্রামের আবেদ আলীর ছেলে। পুলিশের দাবি তারা দুজন এলাকার চিহিৃত চাঁদাবাজ। নিহতদের পরিবারের লোকজন থানায় এসে এ দুজনকে সনাক্ত করেছেন বলে জানিয়েছেন গাংনী থানার ওসি আনোয়ার হোসেন।
এদিকে পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তবে নিহত আলমগীর হোসেনের পরিবারের লোকজন জানিয়েছেন সে গাংনী সরকারী ডিগ্রি কলেজের ছাত্র। আলমগীর হোসেন একটি হত্যা মামলায় কিছুদিন জেলে থাকলেও সাম্প্রতিক সময়ে জামিন নিয়ে বাড়িতে অবস্থান করছিলো। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে পৃথক মামলা করা হয়েছে।
উল্লেখ্য, আজ শুক্রবার (১৪ এপ্রিল) ভোর রাত ৩ টার দিকে গাংনী উপজেলার মালসাদহ-হাড়িয়াদহ সড়কের সরোয়ারের এসবি ইটভাটা এলাকায় চাঁদাবাজির সময় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে বলে দাবি করে পুলিশ। বন্দুকযুদ্ধের ঘটনায় দুই চাঁদাবাজ নিহত হয়। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ অস্ত্র, গুলি, হাত বোমা ও দেশীয় রামদা উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/রাফাত
