চুয়াডাঙ্গার মদনে সোয়া এক কোটি টাকার স্বর্ণের বারসহ গ্রেফতার ১

আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৪:২১
 
আজ শুক্রবার সকালে চুয়াডাঙ্গার মদন সীমান্তে সোয়া এক কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ এক মোটরসাইকেল আরোহী যুবকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত যুবক দামুড়হুদা উপজেলার ঝাঁজাডাঙ্গা গ্রামের বাসিন্দা বাবু।
 
চুয়াডাঙ্গাস্থ ৬-বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল আমীর মজিদ জানান, ঘটনার সময় আজ শুক্রবার সকাল সোয়া ৮ টায় মোটরসাইকেল চালক বাবু গ্রামের রাস্তা দিয়ে মদন সীমান্তের জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। ওই সময়ে মদন পাকারাস্তায় কর্তব্যরত বিজিবি সদস্যরা জিরোপয়েন্ট অভিমুখী মোটরসাইকেলটির গতিরোধ করে। এ অবস্থায়, মোটরসাইকেল চালক ওই যুবক মোটর সাইকেল ফেলে তার সাথে থাকা একটি ব্যাগ নিয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত যুবকটি বিজিবি সদস্যদের হাতে ব্যাগসহ ধরা পড়ে। যুবকটির সঙ্গে থাকা ব্যাগ থেকে বিজিবি সদস্যরা ৩ কেজি ১৭৫ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য এক কোটি ২১ লক্ষ ২৯ হাজার টাকা।
 
৬-বিজিবি পরিচালক জানান, ভারতে পাচারের সময় স্বর্ণের বার বহনকারী যুবক বাবুকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
 
ইত্তেফাক/রাফাত