ময়মনসিংহের মুক্তাগাছায় উৎপাদিত শিশুদের আকর্ষণীয় খেলনা খাবার সাজ এক সময় স্থানীয় চাহিদা মিটিয়ে পাড়ি দিত দেশের বিভিন্ন অঞ্চলে। কিন্তু আধুনিক চকলেটের আগ্রাসনে সেই দিন হারিয়ে যাচ্ছে।
বেশ কয়েকজন এখনও সাজ শিল্পকে বাঁচিয়ে রাখলেও বেশির ভাগই অন্য পেশায় চলে গেছেন। ফলে, সেই রমরমা আর নেই শিশুদের সাজ খাবারে।
এক সময় বাঙালীর পালা-পার্বণে শিশুদের আকর্ষণীয় সামগ্রী ছিলো সাজ খাবার। চিনি দিয়ে তৈরি হাতি, ঘোড়া, মাছ, পাখি, ফুল প্রভৃতির আকারে ছাপের ডাইসে ঢেলে তৈরিতে মুক্তাগাছা ছিলো অন্যতম সেরা। চিড়া-মুড়ির সঙ্গে সাজ খাবারের স্বাদই ছিলো আলাদা। সেই সাজ ময়মনসিংহে আলাদা পরিচিতি ছিল এক সময়ে। কিন্তু সেই কদর এখন অনেকটাই কমে গেছে। কমে গেছে সাজ তৈরির শিল্পীর সংখ্যাও।
মুক্তাগাছার শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন প্রজন্মের মধ্যে এই শিল্প নিয়ে উৎসাহ কম। ফলে, নতুন কারিগরের অভাব তৈরি হয়েছে।
সাজের কারিগর রাধানাথ সাহা জানান, সাজ তৈরি করতে মূলত লাগে চিনি। চিনি জাল দিয়ে গলিয়ে দক্ষতার সঙ্গে ডাইসে দিয়ে তৈরি করতে হয়। এতে লাভের পরিমাণ খুবই কম। তাই এ পেশায় জড়িতরা লোকসান হওয়ায় আগ্রহ হারিয়ে ফেলেছেন। এতে কমে গেছে দক্ষ কর্মীও।
