শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ পৌরসভার জালমাছমারী গ্রামের আবুল কালাম আজদের ছেলে রাজু মিস্ত্রী (২৬) ও এলাকার কবিরাজ পাড়া গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে ডলার (২২)।
শিবগঞ্জ থানার এস আই আাব্দুস সবুর রহমান জানান, আজ শুক্রবার বিকাল পৌনে ৪টার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নাধীন কাঠালিয়া পাড়া গ্রামের সামনে মহাসড়কে দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। মোটরসাইকেল আরোহী রাজু মিস্ত্রী ঘটনাস্থলেই মারা যান এবং গুরুতর আহত ডলারকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এস আই আাব্দুস সবুর আরও জানান, রাজুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তে লাশ পাঠানোর প্রস্তুতি চলছে। এ সংবাদ লেখা পর্যন্ত ডলারের লাশ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালেই ছিল।
