মেলায় যাওয়ার বায়না ধরে মায়ের লাঠির আঘাতে নিহত ছেলে!

আপডেট : ১৫ এপ্রিল ২০১৭, ১৩:৩৫

 

বকশীগঞ্জে মায়ের লাঠির আঘাতে ইছা সরকার (১২) নামে এক ছেলের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার ও মা আঞ্জুমান আরাকে আটক করেছে। শুক্রবার দুপুরে সদর ইউনিয়নের সূর্যনগর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, সূর্যনগর পশ্চিম পাড়া গ্রামের মশিউর রহমানের ছেলে ও স্থানীয় হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ইছা সরকার বৈশাখী মেলায় যাওয়ার জন্য মা আঞ্জুমান আরার কাছে টাকা চায়। আঞ্জুমান আরা ছেলে ইছাকে মেলায় যেতে নিষেধ করে। মায়ের নিষেধ না মেনে ইছা সরকার মেলায় যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে ক্রিকেটের ব্যাট দিয়ে ছেলে ইছার মাথায় আঘাত করে মা আঞ্জুমান আরা। ফলে ঘটনাস্থলেই ইছা মারা যায়।

 

পুলিশ ইছার লাশ উদ্ধার ও আঞ্জুমান আরাকে আটক করেছে। এই ঘটনায় ইছার বাবা মশিউর রহমান বাদী হয়ে স্ত্রী আঞ্জুমান আরার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।