আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়েছে নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাইকমিশন। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নববর্ষের ভোজে জাতীয় মাছ ইলিশের পরিবর্তে অতিথিদের রুই মাছ দিয়ে আপ্যায়ন করে হাইকমিশন।
নতুন বছরকে স্বাগত জানিয়ে হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি বলেন, পহেলা বৈশাখ নতুন আগামীর আশাবাদের বার্তা নিয়ে আসে।
IMG0
হাইকমিশনার বলেন, হাজার বছর ধরে এই দিনটি বাংলার মানুষ ও জনগণের উৎসবের দিন হিসেবে উদযাপিত হচ্ছে। পহেলা বৈশাখ উদযাপনে বাংলা ভাষাভাষী মানুষ, হাইকমিশনের কর্মকর্তা ও তাদের পরিবার এবং বাংলাদেশের ভারতীয় বন্ধুরা বৈশাখী পোশাকে হাইকমিশনের মৈত্রী হলে সমবেত হয়েছিলেন।
IMG1
সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র, নজরুল, লালনের গানসহ বাংলা কবিতা আবৃত্তি করেন হাইকমিশনের কর্মকর্তা ও একটি জনপ্রিয় শিল্পীদের দল। অনুষ্ঠানে সবাইকে খিচুড়ি, রুই মাছ ভাজা ও মুড়িঘণ্ট দিয়ে আপ্যায়ন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে অনুষ্ঠানে ইলিশের আয়োজন করা হয়নি।-প্রেস রিলিজ।
ইত্তেফাক/সাব্বির
